Followers

Total Pageviews

Wednesday, April 6, 2011

সব

তুই আমার সব কাড়লি
রাখলি কেন ব্যাথার পাহাড়?
রাখলি কাছে অশ্রু মতি?

উস্ক চুলের হাতছানি আর চশমা ঘড়ি
আমার কাছে
বুঝবি তখন কেউ কোনদিন
পালিয়ে গেলে খুব গোপনে।

Thursday, March 31, 2011

হাত বাড়ালে








তৃপ্ত নদীর তপ্ত ঢেউ এ
তোমার হাতের উষ্ণ পরশ।
নীল আকাশে আদর মাখা
পায়রাগুলির ঠিক বিচরন।

ঠিক বুঝে নাও ঠিক খুঁজে নাও
সেই আমাকে -
কি ক্ষতি হয় একটুখানি
তোমার বুকে মুখ লুকালে?

দুই ভুবনের এমনি চাওয়া
কাল সকালেই সব ফুরোবে...
হাত বাড়াবো খুঁজবো পাথর
উঠবে মুঠে কান্না কাঁকড়।

তুমি তখন মুচকি হেসে
আমার বুকেই মুখ লুকাবে।

ঘাস ফরিং এর ছটফটানি
কাটবো নখে ব্যস্ত মুখে।

তবু তুমি গন্ধরাজে
তুলবে ভরে মেঘরাশি মোর।

আদর মাখা পায়রা তখন
ব্যস্ত রবে খুনসুটিতে।
গুনগুনিয়ে হাত রাঙ্গিয়ে
ভরিয়ে দিবে ব্যর্থ প্রহর।

দিনের শেষে ঠিক খুঁজে নেয়
শান্তি সুখের অথৈ জলা।
স্তব্ধ আকাশ, পাতাল সাগর
সবকিছুকেই আঁকড়ে ধরা।

Monday, January 31, 2011

অস্তিত্ব

আমার মনের বালুচরী আঙ্গিনায়
অহরহ তোমার বিচরন

কখনোকি ভাবায় তোমায় আমার অস্তিত্ব?

বেঁচে থাকা

ডানা ভাঙ্গা পরী কখনো উড়তে পারে না
উড়ে যাবার স্বপ্ন দেখা - ছিল তার জন্য ভুল
আজীবন এই মনকষ্টে নষ্ট পৃ্থিবীতে সে বাঁচে

Friday, January 28, 2011

প্রতিটি একাকিত্বে

প্রতিটি একাকিত্বে জানিনা
তোমার কতটা গভীরে আমি

প্রতিটি একাকিত্বে অবহেলায় ছুঁড়ে ফেলে দেয়া
ঘৃনার খাঁজকাটা কারুকাজে জানি আছি আমি

আজ আর ভালোবাসা খুজে নেবার দিন আসেনা
প্রতিক্ষায় নেই তুমি
কালের গতিতে আর বানভাসি কষ্টে
পথহারা এই আমি
স্মৃতি হাতরে খুঁজে যাই অবিরত
তবু স্বপ্নেও আসোনা তুমি

অভিমানে জমানো ক্রিস্টাল অশ্রু
চিকচিক করে উঠেনা আর
যেন কথাছিল কোনকালে দেখা হবে
নদীর এপার আর ওপার

Friday, December 31, 2010

বদলে যাওয়া তুমি আজ অনেক অন্যরকম

পাহাড় সমান স্মৃতি নিয়ে আমরা
দুজনেই জীবনের কাছে নতজানু
কোন সুপ্ত অভিমানে হয়না যোগাযোগ – একেবারেই
কিন্তু দুজনেই জানি ভাবি দুজনকে দিন রাত সারাক্ষন
ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে দেখে নেই প্রতিদিন একবার
কোন সুখ ফেলে রেখে কোন দুঃক্ষকে অকারনে লালন করে যাই

আজ বহুদিন পর প্রাণখুলে কথা হলো
অভিমানে বাঁধ ভাঙ্গেনি আমাদের
তবে আজ মনে হলো বদলে যাওয়া তুমি আজ অনেক অন্যরকম
জানিনা আমিও আজ অন্য রকম কিনা তোমার কাছে?

Wednesday, December 8, 2010

তুমি

চক পাউডারে লেখা
জীবনের আঁকিবুকিগুলি এবার মুছে ফেলার পালা
আমি ব্যস্ত হাতে যতই মুছে যাই
লেখাগুলো পেছন ফিরে হাসে আমায় দেখে
আর তুমি তখন দুরে বসে বল
মেয়ে এবার বোঝো জীবনের যন্ত্রনা
এবার তোমার পালা
তুমি বল, মেয়ে তুমি মুছে যাও
আমি দেখি -

ঘাসফুল

ঘোর বরষায় স্মৃতির মেঠোপথে
পা পড়লেই ঘাসফুল ফোটে

Friday, November 5, 2010

ভালোবাসা

এক আকাশ ভালোবাসা নিয়ে
দুজনেই স্থির বসে আছি
মুখোমুখি তাকানো হয়না
সে অনেকদিন -
এভাবেই একদিন শেষ হবে অপেক্ষার দিনগুলি
রাত হবে ভোর হবে
সন্ধ্যা নামবে অভিমানী পৃথিবীর বুকে
দূর আকাশের শুকতারা পথ দেখাবেনা আর তোমাকে আমাকে – আমাদের ।

আমাদের অস্তিত্তে খেলা করা স্মৃতির শিশুরা
কেঁদে ফিরে তাকাবেনা আমাদের দিকে -

বিষন্ন মানুষগুলো হেটে যাবে নিজ নিজ অলিগলি পেরিয়ে
প্রিয়জন তবু রয়ে যাবে অনেক দূরে ।

Sunday, October 3, 2010

আমি

কাঁটাতারে অনুভূতিহীন আমি
আমার ক্ষতবিক্ষত পরাজয়ের পতাকা
তোমার বেলাভুমিতে ওড়ে রাত দিন

Sunday, September 19, 2010

প্রশ্ন

ভিতর বাইরে অনেক প্রশ্ন - আমি কি ভাবি, তুমি কি ভাবো? 
কার ভাবনায় কতটা গভীরতা কিংবা শূণ্যতা। 
তুমি কি আমার  ছিলে কোনদিন? নাকি আমি পাইনি তোমাকে আমার মত করে? 

Saturday, September 4, 2010

বলতো

এ কেমন দিন কাটাই
বলতো?
জীবনের জলপরীরা সব আঁকিবুকি কেটে ফাঁকি দিলো কেন
বলতো?
জলমগ্ন স্তব্ধতায় তোমাকেতো আমি ঠিকই শুনতে পাই। শুনে যাই।
তবু কেন পাইনা তোমাকে আমার মত করে?
বলতো?

Wednesday, September 1, 2010

অবহেলার খামখেয়ালী ইচ্ছে

আজ মন বড় এলোমেলো
তুমি কি তা  বুঝতে পারো?

আজ আমার আকাশের শুকতারা নিয়েছে ছুটি
সে কি আজ তোমার উঠোনে খেলা করে?

আজ তুমি সারাদিন আমিতে মাখামাখি
সে কি তোমার অবহেলার খামখেয়ালী ইচ্ছে?

আজ নিজের সাথেও কথা বলতে ইচ্ছে নেই
আজ কি তোমার আমার  শব্দহীন কথা হবে?

অনন্তকালের গল্প জমে আছে।

Monday, August 23, 2010

এক চাঁদ দূরত্ত্ব

কিছু কিছু মানুষ কেবল কষ্ট দিয়ে যায়
কিছু সয় সেই সব …
তার মধ্যে আমি তুমি দুজনাই আছি

কিছু মানুষ বোঝেনা কতটা ভালোবাসা
যেমন তুমি, যেমন আমি
আমরা কিছুই বুঝিনি
না বুঝে ভালোবাসার দিন রাত্রি কাটাই
মাঝে এক চাঁদ দূরত্ত্ব

Friday, July 23, 2010

অপেক্ষা

দূর আকাশে পড়ন্ত তারা
মেঘবালিকা দিশেহারা
বুকের মাঝে অভিমানের খাঁজকাটা কোটরে
তুমি শুধু তুমি দেবদূত ।

কত দূরে কত কালে
দেখা পাবো
কত শত প্রহর গুনে
শেষ হব ।

Sunday, July 4, 2010

তুমি আমি

একটা মাটির প্রদীপ জ্বলেছিল আবিকল সেদিনের মত।
তুমি ছিলে দাঁড়িয়ে দরজার ওপারে।
আমি চৌকাঠ পেরিয়ে তোমাকে ভাবিনি।
তুমি প্রদীপ জ্বালিয়ে আমাকে খোজোনি।
আমি সরলতার আড়ালে তোমাকে রাখিনি।
তুমি দুহাত ধরে আমাকে ডাকোনি।
আমি তোমারই চিরদিন, এমনই ভেবেছি।
তুমি আপন করে কাছে টানোনি।

অজানা

মনের গভীরের এই শূণ্যতা কখনো নামে কখনো নামেনা,

তবু গোধুলী উড়াবেই ধুলো …এমনি কথা থাকে,
কে জানে সমুদ্র তীরেই তুমি বসে ছিলে কি না,
আমি কেন যেন খোঁজ করিনি তোমার সেইদিন,
তুই কি সত্যিই ছিলি বসে সারা রাত চাঁদ সাথী করে?
আকাশের চাদোয়ায় ছিল কি তারা আর নক্ষত্রের নকশী?
জানা হয়নি আজো ।
নতুন বসন্তে বিবাগী হাওয়া
নতুন স্মৃতিতে তোমাকে ভাবা

কতটা ভালোবাসা জমানো আছে
জানতে চাওনি,
আমিও বলিনি

দেখা হবে আবার কবে?
আমার তোমার?
অথবা তোমার আমার? আমাদের?

শুনে যেও জমানো ভালোবাসার ইতিহাস
যদি সময় হয়   কখনো।

এভাবে কেউ কাউকে একা রাখে?
যেভাবে আমি রেখেছি তোমাকে আর তুমি রেখেছো আমাকে?

রাত কাটেনা

স্মৃতি মুছে নিয়ে গেলেও
ছিটেফোটা পরেছিল কিছুদিন এদিক ওদিক
শত  অবজ্ঞাতেও
পিছুটান ফেলে এগোতে না পারা  আমরা
একদিন যেদিন আবার আমাদের একটা বোঝাপড়ার দিন হবে
তুমি নিয়ে যেওতো সব  ফোঁটায় ফোঁটায় জমানো  কষ্ট
খুব যন্ত্রনা নিয়ে দিন পার হয়
রাত কাটেনা।

Thursday, July 1, 2010

বিবাগী হাওয়া

নতুন বসন্তে বিবাগী হাওয়া
নতুন করে তোমাকে ভাবা
নতুন করে হাটবো কবে?
হাতে নিয়ে সেই চিরচেনা হাত।